মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানির শ্রমিক মো. গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মরত অবস্থায় কারখানার একটি মেশিনে দুর্ঘটনার শিকার হয়ে তার একটি হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় বক্তারা বলেন, গোলাম রসুলের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারকে সহায়তার দায়িত্বও সংশ্লিষ্ট কোম্পানির নেওয়া উচিত।
শুক্রবার (১৯ জুন) সকালে মোংলার উত্তর চাঁদপাই বাজার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন চাঁদপাই এলাকার বাসিন্দারা এবং গোলাম রসুলের স্বজনরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি নূর আলম শেখ। এতে বক্তব্য দেন বিএনপি নেতা শেখ রুস্তম আলী, আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয় এবং পরিবেশকর্মী মেহেদী হাসানসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই গোলাম রসুলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। তাদের মতে, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা হলে তার শারীরিক ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো। তারা আরও বলেন, শ্রমিক সংকটের কারণে অনেক কর্মীকে অতিরিক্ত দায়িত্ব পালন ও দীর্ঘ সময় কাজ করতে হয়, যা কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
মানববন্ধনে বক্তারা কারখানা কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির দাবি জানান। তারা বলেন, একটি হাত হারানোর কারণে গোলাম রসুলকে সারাজীবন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে চলতে হবে এবং তার কর্মজীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তাই গোলাম রসুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।