‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তালিকাভুক্ত পাটচাষীদের অংশগ্রহণে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নবাবগঞ্জ, ঢাকা যৌথভাবে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় ‘পাটচাষী প্রশিক্ষণ-২০২৬’ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মোঃ আসিফ রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পাটের গুণগত মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী চাষীদের পাট চাষে আধুনিক ও উন্নত প্রযুক্তির প্রয়োগ, মানসম্মত পাটবীজ উৎপাদন, রোগবালাই ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে পাট পচানোর বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নতমানের আঁশ উৎপাদন এবং কৃষকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষীরা অংশগ্রহণ করেন।