“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা ইসলাম। তিনি গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানটি যৌথভাবে বাস্তবায়ন করে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
কর্মশালায় বক্তারা স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, বিচারপ্রার্থীদের সহজে আইনি সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা গ্রাম আদালত ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং স্থানীয় জনগণের মধ্যে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।