ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় মো. শামীমকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম।
৭ জুন রবিবার দুপুর ১২টা ২৭ মিনিটে মুঠোফোনে তিনি জানান, ঢাকা জেলা সিভিল সার্জন মো. জিল্লুর রহমানের নির্দেশনায় শামীমকে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন না।
স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শামীমের বিরুদ্ধে রোগীদের মোবাইল ফোন চুরির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সুযোগ বুঝে রোগীদের মোবাইল ফোন চুরি করতেন। এছাড়া চুরি করা মোবাইল বিক্রি করে সেই অর্থে মাদক সেবনেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সূত্র জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ থাকলেও সম্প্রতি বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তার কর্মকাণ্ডের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
তবে অভিযুক্ত শামীমের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।