সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলমান থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এ হাসপাতালের মোট ২৪৬টি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে ১১৯টি পদ শূন্য রয়েছে। ফলে সীমিত জনবল নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে রোগীদের ওপর।
হাসপাতাল সূত্রে জানা যায়, অনুমোদিত ২৪৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১২৭ জন। চিকিৎসকের ৪২টি পদের মধ্যে দায়িত্ব পালন করছেন মাত্র ১৬ জন, ফলে ২৬টি পদ শূন্য রয়েছে। নার্সের ৪১টি পদের মধ্যে কর্মরত আছেন ১৯ জন, শূন্য রয়েছে ২২টি পদ। এছাড়া ৯টি মিডওয়াইফ পদের মধ্যে ৭ জন কর্মরত থাকায় ২টি পদ খালি রয়েছে। অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ১০৩টি পদের মধ্যে কর্মরত আছেন ৬২ জন, ফলে ৪১টি পদ শূন্য। চতুর্থ শ্রেণির ২৭টি পদের মধ্যে দায়িত্ব পালন করছেন মাত্র একজন, বাকি ২৬টি পদ খালি রয়েছে।
স্থানীয় বাসিন্দা, রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে চিকিৎসক সংকটের কারণে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক বিভাগে প্রয়োজনীয় সেবা সীমিত আকারে পরিচালিত হচ্ছে।
হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী জানান, চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর অভাবে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেক সময় তাদের সিলেটসহ অন্যত্র গিয়ে চিকিৎসা নিতে হয়, যা নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টসাধ্য।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় চিকিৎসাসেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায় বলেন, জনবল সংকটের কারণে রোগীদের সেবা দিতে অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ হলে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।
জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।