ঈদের দিনসহ আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময় দেশের বেশ কয়েকটি বিভাগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৭ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ মে) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৯ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঈদ ঘিরে বাইরে চলাচল ও ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।