ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে মৌসুমি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার-নবাবগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, খাদ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ফলে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য মজুদ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “কৃষক দেশের প্রাণ। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।