সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমনে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করেছে। রবিবার (৩ মে ২০২৬) বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যেই “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলছে।
এর ধারাবাহিকতায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় যৌথ টহল পরিচালনা করা হয়। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে বনদস্যুতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত যোগাযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। নদী ও খালে নজরদারি বাড়ানোর ফলে দস্যুতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানানো হয়।
তিনি আরও জানান, গত এক বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং একাধিক আস্তানা ধ্বংস করা হয়।
এছাড়া অভিযানে জেলেসহ কয়েকজনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।