মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার বড় রাজপাড়া এলাকায় রাস্তা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ব্যস্ততম এই সড়কটির দুটি স্থানে ধস নামায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল মঙ্গলবারের ভারী বৃষ্টির পরপরই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। পরে দুটি জায়গায় রাস্তার অংশ বিশেষ ভেঙে পড়ে।
এতে করে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির সংস্কার কাজ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছিল। কিন্তু সামান্য বৃষ্টিতেই এভাবে রাস্তা ভেঙে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, প্রতিদিন বহু মানুষ এই সড়ক ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। রাস্তার এমন অবস্থায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।