মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো ঘটনা বা লঙ্ঘনের বিস্তারিত ব্যাখ্যা দেননি।
২০ই এপ্রিল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই অভিযোগ তোলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
এদিকে হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে এগোচ্ছে। তবে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না।
এর মধ্যেই ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দেশটি গত দুই সপ্তাহ ধরে “নতুন কৌশল” গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “হুমকির মুখে কোনো ধরনের আলোচনা মেনে নেওয়া হবে না।”
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি কোনো চাপের মুখে আলোচনা করছেন না এবং ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি বাড়ানো “অসম্ভব”।
আন্তর্জাতিক পরিস্থিতির উত্তেজনার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফরের খবর পাওয়া গেছে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্প্রতি একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের পর যুক্তরাষ্ট্র সেখানে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
এ অবস্থায় উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।