দোহারের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে চলছে অসামাজিক কর্মকাণ্ড| ছোট ছোট কেবিন তৈরি করে উপজেলার জয়পাড়া বাজার ও এর আশেপাশের কয়েকটি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট| এদের অনেকের নেই বৈধ লাইসেন্স| ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব চাইনিজ ও রেস্টুরেন্টের প্রধান আয় আগতদের কাছে থেকে পাওয়া ‘ওয়েটিং বিল’|
স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ক্লাস চলাকালীন ‘ওয়েটিংয়ের’ নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে| বিশেষ করে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ায় গজিয়ে ওঠা কয়েকটি মিনি চাইনিজ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে চলছে এসব কর্মকাণ্ড| এসবের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস করেন না কেউ| এর আগে প্রশাসনের একাধিক অভিযান হলেও আবারও শুরু হয় এমন কর্মকাণ্ড|
অনুসন্ধানে জানা গেছে, জয়পাড়ায় গড়ে উঠা কয়েকটি চাইনিজ বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও ভিতরে কী আছে তার খবর কেউ রাখে না| বেশিরভাগ চাইনিজের ও রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোট কেবিন তৈরি করা| বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এসবের ভিতরে কি আছে| অনুসন্ধানে বেশকিছু অনৈতিক কর্মকাণ্ডের ছবি ধরা পরে প্রতিবেদকের ক্যামেরায়|
কয়েকটি মিনি চাইনিজে গিয়ে দেখা যায়, টেবিল সামনে সাজানো থাকলেও একটি স্থানে চারিদিকে আটকানো কাপড়| জয়পাড়ার বেশিরভাগ চাইনিজে প্রতিনিয়ত অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে জানান আশেপাশের বেশ কয়েকজন| তারা জানান আবদ্ধ রুমে আলো-আঁধারে স্পষ্ট কিছু দেখা যায় না| এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল|