ঢাকার দোহার উপজেলার নারিশা বাজার সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে হাসান (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হাসান ফুলতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে নারিশা বাজারের ওই স্থানে নদীতে গোসল করতে নামে হাসান।
এ সময় পদ্মার প্রবল স্রোতে পড়ে সে তলিয়ে যেতে থাকে। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের তীব্রতা বেশি হওয়ায় তাকে আর ধরা সম্ভব হয়নি।
অল্প সময়ের মধ্যেই সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর স্থানীয়রা নিজ উদ্যোগে ট্রলার ও নৌকা নিয়ে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চালালেও এখন পর্যন্ত হাসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।