যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ককে ঘিরে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আসন্ন আলোচনার আগে উত্তেজনা কমেনি। হাঙ্গেরিতে এক বক্তৃতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করেছেন যে, আলোচনায় আন্তরিক না হলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
হাঙ্গেরির এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপের সময় ভ্যান্স বলেন, “ইরান যদি মিথ্যা বলে বা প্রতারণা করে, তারা খুশি থাকতে পারবে না। ট্রাম্পকে হালকাভাবে নেওয়া যাবে না।” তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো আলোচনাকারী দলকে ‘সৎভাবে আলোচনা’ করার নির্দেশ দিয়েছেন, এবং ইরান যদি সাড়া না দেয়, যুক্তরাষ্ট্র তাদের ওপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা রাখে।
ইরানের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। আইআরএনএ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, “বিজয়ের বিস্তারিত চূড়ান্ত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের ধৈর্য ও জনগণের সংহতি বজায় রাখা জরুরি।”
আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, আর মার্কিন দলের নেতৃত্বে থাকবেন জেডি ভ্যান্স। আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবিত কাঠামো।