দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরুর সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আংশিকভাবে স্বাভাবিক হচ্ছে। তবে এবার এই পথ ব্যবহার করতে জাহাজগুলোকে ট্রানজিট ফি দিতে হবে বলে জানিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই ফি আদায়ে ইরানের সঙ্গে থাকবে ওমান।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ দিনের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। হরমুজ প্রণালি থেকে আদায়কৃত এই অর্থ পুনর্গঠন কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ে। সমুদ্রপথ পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, আগে যেখানে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল হতো, বর্তমানে তার মাত্র পাঁচ শতাংশ চলাচল করতে পেরেছে।
তবে কিছু ট্যাংকার চলাচল অব্যাহত ছিল। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী কিছু জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলাদা চুক্তিও করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন শর্তসাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে, তবে সেক্ষেত্রে ট্রানজিট ফি দিতে হবে। জানা গেছে, প্রতিটি জাহাজের কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ মালিক এই ফি পরিশোধ করেছেন কি না, তা স্পষ্ট নয়।