ইরানের মতে, যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে নয়, নিজেদের সঙ্গেই আলোচনা করছে। দেশটির সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এ কথা বলেন।
২৫ই মার্চ বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ খবর জানায় রয়টার্স।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে সমালোচনা করে জুলফাকারি বলেন, তাদের ভেতরের মতবিরোধ কি এতটাই বেড়েছে যে তারা এখন নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের কখনো মিল হতে পারে না।
এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শেষ করতে ইরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।
জুলফাকারি কড়া ভাষায় বলেন, আঞ্চলিক স্থিতিশীলতায় ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকা মেনে না নিলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং যুদ্ধের আগের জ্বালানির দাম আর ফিরে আসবে না।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্যগুলো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক কথার লড়াই বাড়িয়ে দিয়েছে।