ঢাকার দোহার উপজেলার ডাইয়াগজারিয়া এলাকায় সালমা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। ২২ই মার্চ রোববার দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
নিহতের স্বামী আব্দুল গনি মিয়া জানান, তার ভাই আব্দুল মান্নানের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
রোববার কথাকাটাকাটির সময় আব্দুল মান্নান, তার ভাতিজা জোবায়ের ও চাতকি আক্তার মিলে তার ছেলে আব্দুস সালামকে মারধর করেন। ছেলের চিৎকার শুনে মা সালমা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ইদ্রিস আলী খান বলেন, “আমার বোনের হত্যাকারীদের বিচার চাই।”
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।