পবিত্র ঈদের দিনে দোহার উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন, যাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) উপজেলার বাস্তা গ্রামের নান্নু মিয়ার ছেলে আব্দুর রহমান (১৯), একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে সিয়াম (১২) এবং বড় বাস্তা গ্রামের মিন্টুর ছেলে জিহাদ (২৮) মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তবে আব্দুর রহমান ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন সকাল থেকে এ পর্যন্ত আরও সাতজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। ফলে দিনভর সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
স্থানীয়দের মতে, ঈদের দিনে সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল এবং অসচেতনভাবে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।