পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন’। কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন বা জনসমাগম ছাড়াই সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাতে মুকসুদপুরের উত্তর মৌড়া, ধীৎপুর ও দুবলি এলাকার বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে এই সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, নুডুলস, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন, “সমাজের বিত্তবানদের পাশাপাশি তরুণ প্রজন্ম এগিয়ে এলে কোনো মানুষই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না।”
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অনেক মধ্যবিত্ত ও অভাবী মানুষ লোকলজ্জার ভয়ে জনসম্মুখে সাহায্য নিতে সংকোচ বোধ করেন। তাই তাদের আত্মসম্মান অক্ষুণ্ন রাখতে বাড়ির দোরগোড়ায় গিয়ে উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কার্যক্রমে সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ সদস্য সক্রিয়ভাবে অংশ নেন। তাদের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।