মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে এখন আর তার কোনো আগ্রহ নেই। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
বিদেশি নেতাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় নোবেল পুরস্কারের বিষয়টি উঠে এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এ নিয়ে কোনো কথা বলেন না। তার ভাষায়, নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে তিনি আগ্রহী নন।
এর আগে বিভিন্ন সময় ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত দাবি করেছিলেন। তিনি একাধিকবার বলেন, তার উদ্যোগে বেশ কয়েকটি সংঘাত বন্ধ হয়েছে, তবু নোবেল কমিটি তাকে পুরস্কারের জন্য বিবেচনা করেনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছিলেন, পুরস্কার না পেলেও এতে তার কিছু যায় আসে না। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তার পদক্ষেপে লাখ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে।
সূত্র: এনবিসি নিউজ।