দোহারে পবিত্র ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ পণ্য সাধারণ মানুষের নাগালে রাখতে বিশেষ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে দোহার উপজেলায়। বুধবার দোহার উপজেলা পরিষদ মার্কেটের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
০৪ই মার্চ বুধবার উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, গরুর দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং প্রতি হালি ডিম ২৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় কম মূল্যে এসব পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শামীম বলেন, “ঈদ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক তদারকি করব।”
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।