মার্কিন গোয়েন্দারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ইরানের বর্তমান ইসলামিক সরকার নড়বড়ে এবং দুর্বল হয়ে পড়েছে।
নিউইয়র্ক টাইমসের মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের সরকারের ক্ষমতার নিয়ন্ত্রণ বর্তমানে সবচেয়ে দুর্বল, যা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে দেখা যায়নি।
ট্রাম্পকে এই তথ্য এমন সময়ে জানানো হলো, যখন তিনি ইরানে সরাসরি হামলার পরিকল্পনা করছেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের পর থেকে তিনি দেশটিতে হামলার হুমকি দিয়েছিলেন। পরে কিছুটা পিছু হটলেও ট্রাম্প আবার সেই অবস্থানে ফিরে গেছেন।
গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের বর্তমান অর্থনীতি ‘ঐতিহাসিকভাবে খারাপ’ এবং এটি সরকারের দুর্বলতার ধারনাকে আরও শক্ত করেছে।
ট্রাম্পের হুমকির মধ্যেই মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। এর সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও আছে, যেগুলোতে তোমোহকসহ আধুনিক মিসাইল যুক্ত।
সূত্র: নিউইয়র্ক টাইমস