ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট অন্তরা হুদার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রোববার সকালে দোহার উপজেলার আউলিয়াবাদ এলাকায় বিএনপি নেতা ফারুক মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে প্রার্থীর দেওয়া শতাধিক কম্বল আটক করে স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে জানা যায়, কম্বল বিতরণের ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। বিতরণের জন্য দেয়া কম্বল গ্রহণের বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়েছেন প্রার্থীর সমর্থক ফারুক মোল্লা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। তিনি জানিয়েছেন, নির্বাচনের আচরণবিধি স্পষ্টভাবে লঙ্ঘন করায় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট অন্তরা হুদা-এর মন্তব্য জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।