বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থানার ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি মাছ ধরার নৌকা সমুদ্রে যাত্রা করে। মাছ ধরার সময় নৌকাটি অসাবধানতাবশত ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।
এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ কমলা দেবী নৌকাটিকে ধাওয়া দিলে আব্দুল মান্নান (২২) নামের এক জেলে নৌকা থেকে পানিতে পড়ে যান। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। পরে মানবিক কারণে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়।
এরপর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা-এর মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বানৌজা পদ্মা তাকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।
এরপর গত ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৪টায় কোস্ট গার্ডের বোটযোগে জেলেকে কোস্ট গার্ড বেইস মোংলায় আনা হয়। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, এই ঘটনা সমুদ্রে দায়িত্ব পালনরত বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।