মোংলার পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (আনুমানিক ৫৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার ২২ই জানুয়ারি সকালে মোংলা উপজেলার সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মোংলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, “অজ্ঞাত এ মরদেহের সুরতহালে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।