বাগেরহাটের মোংলা উপজেলায় মধ্যদুপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১৮/০১/২০২৬ বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটে মোংলা থানার এসআই (নিঃ) শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ) বেলায়েত, এএসআই (নিঃ) তরিকুল ইসলাম ও সঙ্গীয় মহিলা পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টিম পশ্চিম দত্তেরমেঠ গ্রামের বিপুল মন্ডলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আসামি মুন্নি আক্তার ওরফে কানচী (২৩)-এর কাছ থেকে ২৫০ পিস এবং অপর আসামি মোছাঃ বিউটি বেগম (৬০)-এর দখল থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত নারীরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক পরিবহন ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তারা বিভিন্ন সময় নারীদের ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা সরবরাহ করত। এ বিষয়ে মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন,
মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।
তিনি আরও জানান, মোংলা উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।