সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
২০ই জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে। এ সময় কয়েকজন ব্যক্তিকে জুয়া পরিচালনা ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত অবস্থায় দেখা গেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অলিয়ার, সাজু মিয়া ও খলিল মিয়া তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। কৌশলে সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে তাদের সর্বস্ব হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। স্থানীয় জনগণও আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জুয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার বিষয়ে মৌখিক অভিযোগ করেন।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত তাদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।