ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নয়নশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুর কবির সুমন (৪০) এবং আওয়ামী লীগ নেতা মো. মুক্তার সিকদার খৈমদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সাইদুর কবির সুমন স্থানীয় আবুল বাশারের ছেলে। অপরদিকে মুক্তার সিকদার খৈমদ্দিন একই এলাকার জহির উদ্দিন সিকদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, বুধবার বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।