ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের মাইলাইল গ্রামে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু করেছে শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় শিক্ষানুরাগী ও প্রবাসীদের উদ্যোগে বিদ্যালয়টি আবারও শিক্ষার আলো ছড়াতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ এবং রজনীগন্ধা ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করতে শিক্ষানুরাগী মো. মিল্টনের উদ্যোগে এবং এলাকার মুরুব্বিদের সহযোগিতায় ১৯৯৯ সালে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টির নামকরণ করা হয় শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টির শিক্ষার মান, পরিবেশ এবং শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল। তবে নামকরণজনিত কারণে ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় আট বছর শিক্ষা কার্যক্রম চলার পর বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।
বর্তমানে এলাকার কিছু শিক্ষানুরাগী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। ২০২৫ সালের নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মোক্তারুজ্জামান মিল্টন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর কবীর ও ইয়াসিন আহমেদ। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সেলিম, ইব্রাহিম ও ফারুক হোসেন। এছাড়া ক্যাশিয়ার আকবর আলী এবং সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল জামান রিংকুসহ অন্যান্য সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
পহেলা জানুয়ারি বই বিতরণ ও শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে বিদ্যালয়ের নতুন যাত্রাকে স্বাগত জানানো হয়। স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টি আবারও এলাকার শিশুদের জন্য একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।