আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ সারা দেশের জন্য আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। এই পূর্বাভাস কার্যকর হবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য।
পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দেশের কিছু এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।
ঘন কুয়াশার প্রভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার কারণে শীতের অনুভূতিও অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আবারও অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি কমবে না।
আগামী ১, ২ ও ৩ জানুয়ারিও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসব দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও ২ ও ৩ জানুয়ারি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের শেষের দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।