সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের দায়ে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও শিকারের ফাঁদসহ দুইজন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি খুলনা জেলার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খাল এলাকায় পরিচালিত হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা এবং প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ সময় হরিণ শিকারের সঙ্গে জড়িত দুইজন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: মোঃ আবু মুসা, পিতা: আজিবর মোল্লা, গ্রাম: ০৬ নং কয়রা, থানা: কয়রা, জেলা: খুলনা
মোঃ ইমরান হোসেন, পিতা: জিয়ারুল ইসলাম, গ্রাম: ০৬ নং কয়রা, থানা: কয়রা, জেলা: খুলনা
পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।