ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাদির চিকিৎসক দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের নিউরো টিমের চিকিৎসক ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জারি টিম বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে হাদির মৃত্যুর খবর জানিয়েছে।
ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার মৃত্যুর তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনে থাকা বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।