আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের উদ্দেশ্যে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভায় একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গৌরম্ভা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শারাফাত হোসেন এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাগেরহাট-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
সভায় আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদারসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।