বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শুক্রবার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, তিনি নিয়মিতভাবে চিকিৎসার আপডেট নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা এখন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য বড় অনুপ্রেরণা। তাঁর চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত।”
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতায় ভুগছেন। পূর্ববর্তী সরকারের সময় তিনি দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ করোনাকালে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও বিদেশে চিকিৎসার সুযোগ পাননি।
পরে গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর তিনি সম্পূর্ণ মুক্তি লাভ করেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন থাকার পর তিনি দেশে ফেরেন। সবশেষ ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।