সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে দেশের জনপ্রিয় নারী তারকাদের বিভিন্ন পোস্টে অদ্ভুত সব সংখ্যা দেখা যাচ্ছে। কারও ছবিতে ‘৯’, কারও ‘২৪’, আবার কারও ছবিতে ‘১০০০’—এমন সংখ্যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছিল, কেন তারা এমন পোস্ট দিচ্ছেন। অবশেষে জানা গেছে এর প্রকৃত কারণ।
তারকারা ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একসঙ্গে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। এই উদ্যোগের নাম— ‘মাই নম্বর, মাই স্টোরি’। তারা নিজেদের ছবিতে যে সংখ্যা লিখছেন, তা নির্দেশ করে প্রতিদিন গড়ে তারা কতবার অনলাইনে হয়রানির মুখোমুখি হন।
এই আন্দোলন শুরু হয় ২৫ নভেম্বর। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ছবিতে ‘৯’ লিখে জানান, তিনি প্রতিদিন অন্তত ৯ বার অনলাইনে অপমানজনক মন্তব্যের শিকার হন। তিনি বলেন, সংখ্যার মাধ্যমে নিজের অভিজ্ঞতা জানানোর এ উদ্যোগ সবার কণ্ঠকে আরও শক্তিশালী করবে।
তিশার পর আরও অনেক নারী তারকা এই প্রচারণায় অংশ নেন। রুনা খান তার ছবিতে লিখেছেন ‘২৪’, অর্থাৎ প্রতিদিন ২৪ বার তিনি হয়রানির মুখে পড়েন। শবনম ফারিয়া লিখেছেন ‘১০০০’, যা অনেককেই বিস্মিত করেছে। এছাড়া দিঘী ‘৩’, মৌসুমী হামিদ ‘৭২’, পুতুল ‘৯’ এবং ভাবনা ‘৯৯ প্লাস’ লিখে নিজেদের অভিজ্ঞতার হিসাব প্রকাশ করেছেন।
গণমাধ্যমে রুনা খান বলেন, শুধু তারকারাই নন, সাধারণ অনেক নারীই সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হন। গত দশ বছরে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়লেও অনেকেই এখনো এর সঠিক ব্যবহার জানেন না।