ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের রকিবুল ইসলাম রকিব নামের এক জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নষ্ট করার অভিযোগ উঠেছে।
শুক্রবার, ১৪ নভেম্বর দুপুরে ঘটনাটি ঘটে। রকিবুল ইসলাম জামায়াতে ইসলামী বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার যুব বিভাগের আগলা, গালিমপুর ও চুড়াইন ইউনিয়নের সভাপতি, আইবিডব্লিউএফ নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এবং সোনাতলা গ্রামের মাওলানা মতিউর রহমানের ছেলে।
রকিবুল ইসলাম জানান, দুপুরে তারা পুকুরে গিয়ে দেখেন প্রচুর মাছ মারা ভেসে উঠছে। তার ভাষ্য অনুযায়ী, শতবর্ষী এই পুকুরটির আয়তন প্রায় ৭ বিঘা। কে বা কারা এ কাজ করেছে তা তিনি জানেন না, তবে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, “আমার দুই বছরের পরিশ্রম এভাবে নষ্ট হয়ে গেল। দুই শ’ মন মাছ বড় হয়েছিল। কাউকে সামনে দেখিনি, তবে কারো নির্দেশে এ কাজটি করা হয়েছে বলে মনে হয়। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এটি করা হয়েছে।”
রকিবুল ইসলামের ব্যবসায়ী অংশীদার সোনাতলা গ্রামের ফিরোজ খান জানান, তার আরেকটি পুকুরেও গত বছর বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করেছিল দুর্বৃত্তরা। এ বছর আবার রকিবুলের পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ নষ্ট করা হয়েছে। তারা এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানান।
নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জ্যাকি বলেন, ঘটনাটি সম্পর্কে তারা জেনেছেন এবং ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।