জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৮টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে এবং ভুরভুরা বিলের উপর দিয়ে একটি পাকা সেতু নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ই নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় জোনাইল বাজার তেতুলতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, “৩৭ বছর ধরে এই ৮টি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষাকালে স্কুল, কলেজ, হাট-বাজার, চিকিৎসা সব কিছুতেই চরম ভোগান্তি পোহাতে হয়। অবিলম্বে ভুরভুরা বিলে একটি পাকা সেতু নির্মাণ করতে হবে।”
তারা আরও জানান, এই সেতু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, ব্যবসা-বাণিজ্য সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন তরান্বিত হবে। অবিলম্বে পাকা সেতু নির্মাণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।