বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মগুলোর মধ্যে সরাসরি লেনদেনের সুবিধা। এই সেবা পরিচালনায় ব্যবহৃত হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামো, যা এর আগে শুধুমাত্র ব্যাংক-টু-ব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হতো।
১ নভেম্বর শনিবার থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ সব এমএফএস ব্যবহারকারীরা এখন একে অপরের ওয়ালেটে সরাসরি টাকা পাঠাতে পারবেন।
এর আগে এক এমএফএস থেকে অন্য এমএফএসে অর্থ পাঠাতে ‘বিনিময়’ অ্যাপের প্রয়োজন হতো, যা তুলনামূলক জটিল ও সময়সাপেক্ষ ছিল। এখন অতিরিক্ত কোনো অ্যাপ ছাড়াই মূল অ্যাপ থেকেই সরাসরি টাকা পাঠানো সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফি অনুযায়ী, এক এমএফএস থেকে অন্য এমএফএসে ১,০০০ টাকা পাঠাতে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আর ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএসে টাকা স্থানান্তরের ক্ষেত্রে চার্জ সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করে তুলবে।