“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই স্লোগানকে ধারণ করে ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি কায়কোবাদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে ফিরে আসে। পরে উপজেলা পরিষদের আব্দুল ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নূর-এ-এলাহী।
হিন্দু মৈত্রী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সিইও প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরুন্নবী খন্দকার, সোনালী স্বপ্ন মাল্টিপারপাস কো-অপারেটিভের মো. মহিউদ্দিন, আশার আলো মহিলা মাল্টিপারপাস সমবায়ের নাসরিন আক্তারসহ অন্যান্য সমবায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।