ব্রাহ্মণবাড়িয়ার কসবার মরাপুকুরপাড় এলাকায় আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে রাতের আঁধারে জোরপূর্বক দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালা মিয়া ও তার স্ত্রী হাজেরা বেগম ওয়ারিশ সূত্রে ৩০৫১ দাগের জমির মালিক। অভিযোগ রয়েছে, এর আগে বজলু মিয়া আইনমন্ত্রী আনিসুল হকের ভাতিজা বাবুল মিয়াকে নিয়ে ওই জমি দখল করে নেয় আদালত ও থানার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও।
সম্প্রতি রাতের আঁধারে সেখানে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টা চালালে কালা মিয়া ও তার স্বজনরা বাধা দেন। এই বিষয়ে কালা মিয়ার পরিবার ২৭ সেপ্টেম্বর সকালে কসবা সাংবাদিকদের অফিসে সংবাদ সম্মেলন করেন। এ সময় বজলু মিয়া তার সহযোগী শামিম, দিন ইসলাম, রাজু, রাইহান, সোয়েবসহ আরও কয়েকজন মিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কালা মিয়ার পক্ষের ৫-৬ জন আহত হন।
অভিযোগ রয়েছে, বজলুর এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করছেন উপজেলার কতিপয় প্রভাবশালী নেতা। বজলু গংরা সরাসরি এই ঘটনায় জড়িত বলে ভুক্তভোগীরা দাবী করেছেন। এজাহারে তাদের নামেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কালা মিয়ার পরিবার স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও জমি দখল রক্ষায় সার্বিক সহযোগীতা কামনা করেছেন।