ঢাকার দোহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) শেষরাতে উত্তর শিমুলিয়া গ্রামে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে জানালার গ্রীল কেটে ঢুকে ডাকাতরা স্বর্ণালংকার লুট করে এবং হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী আবুল কালাম আজাদ (৭২) জানান, ঘটনার সময় তিনি স্ত্রী নাছিমা আজাদকে (৫৮) নিয়ে নিজ বাড়ির নিচতলায় ঘুমাচ্ছিলেন। ভোর চারটার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভাঙলে দেখতে পান, মুখোশ পরা চারজন ডাকাত ঘরে প্রবেশ করেছে এবং তার শরীরের উপর চেপে বসেছে। এক ডাকাত তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়।
পরে ডাকাতরা অস্ত্রের মুখে তার স্ত্রীর গলা ও হাতে থাকা স্বর্ণালংকার খুলে নেয়। তারা বারবার তার লাইসেন্সকৃত বন্দুকের খোঁজ করতে থাকে। আলমারি খুলে একটি টিনের বাক্স থেকে তার ছেলে ও মেয়ের স্ত্রীর প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এছাড়া রান্নাঘর থেকে দুটি নতুন ছুরি ও ঘরের ডিসপ্লে থেকে সাড়ে চার ফুট লম্বা একটি তলোয়ার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী বলেন, “ভবনের জানালার গ্রীল কেটে ডাকাতি করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।”