বাগেরহাটের মোংলায় এক বাকপ্রতিবন্ধীকে লাখ টাকা দিয়ে দোকান করে দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের বাসিন্দা আরব মোল্লাকে (৪৫) এ দোকান দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
আরব মোল্লা একজন বাকপ্রতিবন্ধী। তার দুই সন্তানের একজন তার মতো বাকপ্রতিবন্ধী। আরব অনেকটা কর্ম অক্ষম। তাই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন তিনি। আরবকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করলেও তার স্থায়ী আয়ের ব্যবস্থার জন্য পরিবারকে এ দোকান দিয়ে দেন বিএনপি নেতা ফরিদ। দোকানের জন্য তাকে এক লাখ টাকা দেওয়া হয়।
সেই টাকা দিয়ে দোকান ভরে মাল তুলেছেন তিনি। আরবের পুনর্বাসনের সেই দোকানের আনুষ্ঠানিকভাবে আজ বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেছেন বিএনপি নেতা ফরিদ। বাকপ্রতিবন্ধী হলেও আরব মোল্লা বিএনপির একজন নিবেদিত কর্মী।
তিনি বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে ঢাকা ও খুলনাসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন। আরবের স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী একজন বাকপ্রতিবন্ধী ও কর্ম অক্ষম। তিনি বিএনপির রাজনীতি করেন। সেই সুবাদে বিএনপি নেতা লায়ন ফরিদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। যার প্রেক্ষিতে তিনি আমার স্বামীকে আগেও আর্থিক সহায়তা করেছেন। কিন্তু এবার এক লাখ টাকা দিয়ে আমাদের দোকান দিয়ে দিয়েছেন।
আমরা এখন খেয়েপরে বেঁচে থাকতে পারবো। আমরা তার (ফরিদ) জন্য দোয়া করি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তালেব হাওলাদার বলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এই এলাকার সকলের প্রাণের মানুষ। তার সাহায্য-সহযোগিতায় এলাকার অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন। তিনি রাজনীতির পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা, বিয়ে, পড়াশোনা, বেকারত্ব দূর ও পুনর্বাসনে ব্যাপক কাজ করে যাচ্ছেন।
শুধু আরব মোল্লা নয় তার মতো এমন অনেকেই স্বাবলম্বী হয়েছেন।
বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আরবকে এ সহায়তা-সহযোগিতা করেছি। এর আগেও তাকে আর্থিক সহায়তা করলেও তা দিয়ে সে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই তাকে প্রতিষ্ঠিত করার জন্য দোকান করে দিয়েছি। এ দিয়ে সে পরিবার নিয়ে চলতে পারবে। আমরা সমাজের যারা দায়িত্বশীল লোক রয়েছি তারা নিজ নিজ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্ররা উপকৃত হবেন।