ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী (২২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তামিম ও হাসান নামে আরও দুই যুবক আহত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ বাজার সংলগ্ন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া সমশেরপুর এলাকার খোরশেদ আলমের ছেলে। দেড় মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। আহত তামিম ও আহত হাসান ওই এলাকার বাসিন্দা।
আহতরা জানায়, দুই মোটরসাইকেলযোগে ছয় বন্ধু কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা এলাকায় ঘুরতে যান। এর মধ্যে একটি মোটরসাইকেলে ছিল তামিম, মেহেদী ও হাসান। তারা নবাবগঞ্জ বাজার শেষে মোড় ঘুরতে গিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে থাকা তিনজনই আহত হন। অন্য মোটরসাইকেলে থাকা বন্ধুরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার এসআই রাজিব বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’