ঈদ উপলক্ষে রাজধানীর একটি পার্কে ঘুরতে গিয়ে রোলার কোস্টার থেকে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার, ৩ মে দুপুর ১টার দিকে শ্যামপুরে পার্কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. রাব্বি (১২)।
জানা যায়, আজ ঈদের দিন কয়েকজন শিশু-কিশোর মিলে ওই পার্কে ঘুরতে যায়। তাদের মধ্যে রাব্বিও ছিল। অসাবধানতাবশত রোলার কোস্টার থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে রাব্বিকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির মা কাজল আক্তার জানান, তারা জানতে পেরেছেন, তর ছেলে ও তার ৫ বন্ধু মিলে ঈদের আনন্দ করতে বুড়িগঙ্গা ইকোপার্কে যায়। সেখানকার রোলার কোস্টারে উঠলে অসাবধানবশত পড়ে যায় রাব্বি। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাব্বি গেন্ডারিয়ার কাঠ বাগিচা এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জানিয়ে কাজল আক্তার বলেন, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বাসাইল গ্রামে। তারা সপরিবারে গেন্ডারিয়ার কাট বাগিচা এলাকায় থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক, এসআই। তিনি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম চলছে।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক, এএসআই মো. আব্দুল খান শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানা পুলিশকে জানানো হয়েছে।