ঢাকাThursday , 19 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম সফর হতে যাচ্ছে।

#New_Classic_Event_Management

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন আনোয়ার ইব্রাহিম। সফরে তিনি সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করবেন। ঢাকা সফর শেষে তার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, কৃষি, শিক্ষা এবং বিশেষ করে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


এ ছাড়া গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হবে। সফরকে কেন্দ্র করে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাত-সংশ্লিষ্ট দুটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সাল থেকে বন্ধ থাকা এ শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের আগেই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এর প্রথম ধাপে ১১২ জন কর্মী বাছাইয়ের কার্যক্রম চলছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সফরসংক্রান্ত প্রস্তুতি ও বিভিন্ন আনুষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবারের সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং শ্রমবাজার নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি