মৌলভীবাজারের জুড়ী থানায় ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন শম্পা রানী দাস নামে এক নারী পুলিশ সদস্য (কনস্টেবল)। এ সময় তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে অজ্ঞাত দুই যুবক। তবে ওই নারী পুলিশ সদস্যের সাহসিকতা ও চিৎকারে অল্পের জন্য রক্ষা পান তিনি। পালিয়ে যায় অভিযুক্তরা।
মঙ্গলবার (রাত) সাড়ে ৮টার দিকে জুড়ী থানা ভবন থেকে প্রায় ১৫০ মিটার দূরে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী পুলিশ সদস্য শম্পা রানী দাসের স্বামীও জুড়ী থানায় কর্মরত। তাঁরা থানা কমপ্লেক্সের কাছাকাছি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন শম্পা রানী দাস।
পথে ইউনিয়ন পরিষদের পাশের নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাত দুই যুবক তাঁর পথরোধ করে। এ সময় তারা তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি সঙ্গে থাকা মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালায়। একপর্যায়ে ওই নারী পুলিশ সদস্য ধস্তাধস্তি শুরু করেন এবং চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্ত দুই যুবক দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। তবে তারা কোনো মালামাল ছিনিয়ে নিতে পারেনি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেয় এবং পরে ছিনতাইয়ের চেষ্টা চালায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে থানা থেকে মাত্র দেড়শ মিটার দূরে এমন ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
