ঢাকাসহ দেশের ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে এসব জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ পূর্বাভাস জানান।
মোস্তফা কামাল পলাশ তাঁর পোস্টে লিখেছেন, সকাল ৬টার পর থেকে ৯টার মধ্যে ঢাকা শহরসহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা ও গোপালগঞ্জ জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ভোরেই বজ্রবৃষ্টিতে ভিজল রাজধানী
এদিকে বুধবার ভোরেই তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল।
রাজধানীর নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা ও জলাশয়ের কাছাকাছি অবস্থান এড়িয়ে চলা জরুরি।
