শান্টিংয়ের সময় আগুন, পুড়ে গেছে বেশ কয়েকটি আসন; পরিকল্পিতভাবে আগুন দেওয়ার সন্দেহ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিংয়ের সময় এ অগ্নিকাণ্ড ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শান্টিংয়ের দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। পরে দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। এ ঘটনার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।
ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
