মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের অংশে বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের পাশাপাশি এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মূলত মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালায় নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা ও নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। ফলে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেট স্থাপন করা সহজ হবে।
রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ। এ ছাড়া মোটরসাইকেলের নকশা বিবেচনায় সামনের রেজিস্ট্রেশন চিহ্ন বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমোদন দেওয়ার ক্ষমতাও সংস্থাটিকে দেওয়া হয়েছে।
সংশোধিত বিধিমালায় নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশক অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি বোঝাতে ব্যবহৃত অক্ষরের উচ্চতা এবং প্লেটের বিভিন্ন অংশের মধ্যবর্তী ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণের দায়িত্বও বিআরটিএর ওপর ন্যস্ত করা হয়েছে। একইভাবে দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে নম্বর লেখার ক্ষেত্রে সংখ্যাগুলোর মাঝখানে ব্যবহৃত হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে সংস্থাটি।
এ ছাড়া এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের বিধান রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
এদিকে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমাও বাড়িয়েছে বিআরটিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলে এ নম্বরপ্লেট সংযোজন করা যাবে। এর আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে সামনের নম্বরপ্লেট সংযোজন করা সম্ভব হবে না—এমন বিবেচনায় সময় বাড়ানোর প্রস্তাব দেয় বিআরটিএ।
সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছিল। এ জন্য ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দিয়ে সম্প্রতি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্তের ফলে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেট স্থাপনের ক্ষেত্রে মালিকদের জন্য আরও নমনীয়তা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
