দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্তদের মধ্যে মোট ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৫৬৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬৪ জন শনাক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগে।
এ ছাড়া বরিশালে ১২৯, সিলেটে ১২৬, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহী বিভাগে ৪১ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
