রাজধানীর মগবাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় সিয়াম নামের এক যুবক মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা ছোড়া হয়। বোমাটি নিচে পড়ে বিস্ফোরিত হলে সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। কিছু সময় পর তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিয়াম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় ছিলেন। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। তিনি দোকান থেকে নাস্তা নিতে ওই স্থানে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। তবে বোমা ছোড়ার কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।